ডাক বিভাগের যশোর ডেপুটি পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়ের (ডিপিএমজি) নৈশপ্রহরী রবিউল ইসলামের (৪৫) মৃত্যুরহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন তার স্বজনেরা।
ডিপিএমজির নির্মাণাধীন ভবনের নিচতলার মেঝেতে রক্তাক্ত ও গলায় দড়ি প্যাঁচানো মরদেহ পড়ে থাকার বিষয়টি সামনে আসলেও তিনি আত্মহত্যা করতে পারেন এম কোনা কারণ নেই বলেও জানিয়েছেন পরিবারে সদস্যরা।
তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যা না আত্মহত্যা পরিস্কার হতে না পেরে ময়না তদন্তে পাঠান। আর এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খানের দাবি তদন্ত চলমান আছে। আর ময়না তদন্ত প্রতিবেদন আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তথ্য মিলেছে, ৩ মাস আগে ডাক বিভাগের যশোর ডিপিএমজির কার্যালয়ে যোগদান করেন মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ধুয়াইল গ্রামের আকবর আলীর ছেলে রবিউল ইসলাম (৪৫)। একটি মেসে থাকতেন আর নিয়মিত রাতের শিফটে দায়িত্ব পালন করতেন। স্ত্রী রিমি, ছেলে রিয়ান ও মেয়ে তানিসা ইসলাম মাগুরায় বসবাস করেন। ২৫ মে রাত ১১ টার দিকে ডাক বিভাগের তার অন্য কয়েক সহকর্মী তাকে সুস্থ অবস্থায় দেখেন। কথাবার্তাও বলেন। হঠাৎ ২৫ মে সকাল ৭ টার দিকে তার অফিসের নির্মানাধীন নির্জন ভবনের নিচ তলায় রবিউল ইসলামের নিথর দেহ পড়ে থাকতে দেখেন ডাক বিভাগের সকালের শিফটের কর্মকর্তা কর্মচারীরা।
পুলিশ ও ডাক বিভাগের কর্মচারীদের বক্তব্য, মরদেহের গলায় রশি প্যাঁচানো এবং উপরের সিলিংয়েও রশি ঝুলা অস্থায় ছিল। তবে মরদেহটি পাওয়া যায় মেঝেতে, আবার পাশে রক্তও দেখা যায়। আবার ডাক বিভাগের কয়েকজন কর্মচারীর দাবি, সিলিংয়ে ঝুলে থাকা হাসপাতালের কাজে ব্যবহৃত সুতোয় তৈরি চিকন রশি। যা সামান্য ভর দিয়ে ঝুললেই ছিঁড়ে যাওয়ার মত।
তাই এটা আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকান্ড তা তদন্তের দাবি রাখে বলেও জানান তারা। এটা রহসাবৃত্ত বলেও দাবি পরিবারের লোকজনের।
মৃত রবিউল ইসলামের বোন বিলকিস আক্তার ও শ্যালক শামীম ও জেসসেস জানিয়েছেন, গত বৃহস্পতিবার পর্যন্ত সবঠিক ছিল। এরমধ্যে কি হয়ে গেল। রবিউল আত্মহত্যা কেন করবেন এমন প্রশ্নের উত্তর তারা খুঁজে পাচ্ছেন না। বোন বিলকিস আক্তারসহ ওই পরিবারের সবাই এই ঘটনাটি রহস্যজনক দাবি করে যথাযথ তদন্ত করে রহস্য উদঘাটন চেয়েছেন।
এদিকে, পুলিশ খোঁজ নিচ্ছে রবিউলের সাথে কারো কোনো শত্রু ছিল কিনা, কেউ হুমকি দিয়েছিল কিনা বা কোথাও ঋণ আছে কিনা, পারিবারিক কোনো ঝামেলা আছে কিনা।
যশোর ডাক বিভাগ ডিপিএমজি কার্যালয়ের সুপারিনটেনডেন্ট মনিরুল আল নূর জানিয়েছেন, ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। সবার মত তিনিও ঘটনা দিন সকালে অফিসে এসে মরদেহ পড়ে থাকতে দেখেন।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ধারণা করা হয় রবিউল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এরপরও মরদেহটি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকায় মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ওই রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপাতত পরিবারের দেয়া একটি অপমৃত্যু মামলা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন