জুনাঈদ আল হাবিব
আওয়ামী লীগের ঘোষিত আগামী ১৩ নভেম্বর ঢাকার
তথাকথিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে যেন কোনো
ধরণের অস্থিতিশীলতা বা নাশকতামূলক কার্যক্রম না ঘটে—
তা নিশ্চিত করতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ মাঠে নেমেছে বিশেষ প্রস্তুতি নিয়ে।
আজ সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঈশ্বরগঞ্জ
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমানের
নেতৃত্বে গঠিত প্রায় ২০টি মোটরসাইকেল নিয়ে একটি বিশেষ ‘মোটর মোবাইল টিম’
উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল ও অভিযানে অংশ নেয়।
ওসি মো. ওবায়দুর রহমান বলেন, “আওয়ামী লীগের নিষিদ্ধ কর্মসূচিকে
ঘিরে কেউ যাতে ঢাকামুখী হতে না পারে এবং ঈশ্বরগঞ্জ উপজেলায়
কোনো ধরণের বিশৃঙ্খলা বা নাশকতা সংগঠিত না হয়, সে লক্ষ্যে
আমাদের বিশেষ টিম কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
রাখতে পুলিশের প্রতিটি সদস্য সতর্ক অবস্থানে রয়েছে।”
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ মোড়ে
ইতিমধ্যেই অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। যানবাহন ও চলাচলকারী
সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে। কেউ যদি নাশকতা বা
উসকানিমূলক কার্যক্রমে সম্পৃক্ত হয়, তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হবে।
এছাড়াও ১৩ নভেম্বরের আগে ও পরে যেকোনো অপতৎপরতা ঠেকাতে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
স্থানীয় বাজার, গণজমায়েতের স্থান ও শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায়ও গোয়েন্দা
নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
ওসি আরও জানান, “যেখানেই আওয়ামী লীগের কর্মী বা তাদের সমর্থকরা নাশকতা
সৃষ্টির চেষ্টা করবে, সেখানেই আমরা সাঁড়াশি অভিযান চালাব। দেশের জনগণের
জানমাল রক্ষায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।”
পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। তারা আশা প্রকাশ করেছেন,
প্রশাসনের এ ধরণের সতর্ক ভূমিকা এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহায়ক হবে।
|
ইং