রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের এক বিরল পাঙাশ মাছ। বিশাল আকৃতির মাছটি ধরেই বাজিমাত করেছেন স্থানীয় জেলে রতন হাওলদার। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয় কলার বাগান এলাকায় পদ্মা নদীর মোহনায় রতন হালদারের জালে মাছটি ধরা পড়ে।
পরে মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মোহন মন্ডলের আড়তে নিয়ে আসা হয়। সেখানে অনুষ্ঠিত উন্মুক্ত নিলামে মাছটির দাম ওঠে ২ হাজার ৫০০ টাকা কেজি দরে। সর্বোচ্চ দরদাতা হিসেবে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মোট ৬২ হাজার ৫০০ টাকায় রতন হালদারের কাছ থেকে মাছটি ক্রয় করেন।
চাঁদনী এন্ড আরিফা মৎস আড়তের স্বত্বাধিকারী মো. চান্দু মোল্লা আমার দেশ-কে জানান, আজ সকালে রতন হাওলদারের জালে ধরা পড়া মাছের খবর পেয়ে আমি দ্রুত সেখানে যাই। পরে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি মাছটি কিনে নেই। কিছুক্ষণের মধ্যেই ঢাকায় থাকা একজন আমেরিকা প্রবাসী ক্রেতার সঙ্গে যোগাযোগ হলে তিনি আরও বেশি দাম প্রস্তাব করেন। পরে আমি মাছটি ৬৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি করি।
এমন বিরল আকারের মাছ বাজারে উঠতেই স্থানীয় জনতা ভিড় জমায়। অনেকে মোবাইলে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। স্থানীয় জেলেদের দাবি, বড় আকৃতির মাছ এখন আর তেমন একটা ধরা পড়ে না। তবে মাঝে মধ্যে পদ্মার গভীর থেকে এরকম বিশাল মাছ উঠে আসে, যা সবার মাঝেই কৌতূহল তৈরি করে। আজ আবার নতুন করে রতন হালদার এক কৌতূহল তৈরি করলেন।
মন্তব্য করুন