এমদাদুল হক মুনতাসির
নারী নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ২০১৬ সালে পথচলা শুরু করে সংগঠন ‘Save Our Women Bangladesh’। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি কাজ করে যাচ্ছে নারীর সুরক্ষা, ইভটিজিং প্রতিরোধ, যৌন হয়রানি মোকাবিলা এবং মানবিক কর্মকাণ্ডে। গত বছরের সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে যাত্রা শুরু করে সংগঠনটির নতুন টিম। নবীন হলেও এক বছরের মধ্যেই তারা প্রমাণ করেছে নিজেদের দক্ষতা ও আন্তরিকতা। ইভটিজিং ও হ্যারেজমেন্টের একাধিক কেস সমাধান, নির্যাতিত নারীর পাশে দাঁড়িয়ে সহায়তা প্রদান, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা সেশন আয়োজন—এসব কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিয়েছে। টিমের সদস্যরা মনে করেন, শুধু আইন দিয়ে নারীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়; প্রয়োজন মানসিকতার পরিবর্তন। এজন্য তারা স্কুল প্রজেক্ট চালু করেছে, যেখানে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয় এবং কিভাবে সহপাঠীদের প্রতি শ্রদ্ধাশীল হতে হয়। নিরাপত্তার পাশাপাশি মানবিক কাজেও তাদের অবদান প্রশংসনীয়। দুর্ঘটনায় আহতদের সহায়তা, জরুরি মুহূর্তে রক্তদান, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো—সব জায়গাতেই সক্রিয় ভূমিকা রাখছে টিমটি। চট্টগ্রামের Save Our Women টিমের ভাষায়: “আমরা চাই একটি নিরাপদ সমাজ, যেখানে প্রতিটি মেয়ে ভরসা নিয়ে পথে বেরোতে পারবে, প্রতিটি নারী সম্মান নিয়ে বাঁচতে পারবে।” মাত্র এক বছরের পথচলায় তাদের অর্জন চোখে পড়ার মতো। তবে সদস্যদের বিশ্বাস, এ কেবল শুরু। সামনে রয়েছে আরও বড় দায়িত্ব ও স্বপ্ন। নারী নিরাপত্তা, মর্যাদা ও মানবিকতার জয়গান ছড়িয়ে দিতে এগিয়ে যাচ্ছে ‘Save Our Women Bangladesh – Chittagong Division’।
মন্তব্য করুন