টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ওবায়দুল হক নাসিরের উদ্যোগ ও সমর্থনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (৩ ডিসেম্বর) বিকাল ৪টায় ঘাটাইল কেন্দীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এসএম ওবায়দুল হক নাসির, ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীন, পৌর বিএনপির সভাপতি আব্দুল বাছেত করিমসহ উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা পর্ব শেষে সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া তোলেন এবং তাঁর দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানস্থলজুড়ে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের অংশগ্রহণে পরিবেশ হয়ে ওঠে আবেগময় ও প্রার্থনামুখর।
মন্তব্য করুন