দিনাজপুর প্রতিনিধি : মোঃ মশিউর রহমান
দিনাজপুর জেলা পুলিশ লাইনস মাঠে গত ২০ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ও শৃঙ্খলাপূর্ণ মাস্টার প্যারেড। প্যারেডে অংশগ্রহণ করেন জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা, আর নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (হাকিমপুর সার্কেল) জনাব আ. ন. ম. নিয়ামত উল্লাহ।
অনুষ্ঠানে মাস্টার প্যারেড কন্টিনজেন্ট পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন। তাঁর উপস্থিতিতে প্যারেড মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
এ প্যারেডে জেলা পুলিশের আটটি কন্টিনজেন্ট ও সুসজ্জিত বাদকদল অংশগ্রহণ করে। পুলিশ সুপার অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, টার্নআউট এবং পারফরম্যান্স মূল্যায়ন করে শ্রেষ্ঠদের গুড সার্ভিস (জিএস) মার্ক প্রদান করেন।
পুলিশ সুপার মারুফাত হুসাইন অফিসার ও ফোর্সদের সার্বিক পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে বলেন,
“শৃঙ্খলা ও পেশাদারিত্বই পুলিশ সদস্যদের পরিচয়ের মূল ভিত্তি। জনগণের আস্থা অর্জনে এই মূল্যবোধ অটুট রাখতে হবে।”
তিনি আরও বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং শৃঙ্খলা বজায় রাখতে সকল সদস্যকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো প্যারেড জুড়ে শৃঙ্খলা, ঐক্য ও দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে দিনাজপুর জেলা পুলিশ।
মন্তব্য করুন