কুড়িগ্রামের ধরলা ব্রীজের পূর্বপাড়ে দ্রুতগতির ট্রাকের চাপায় হুমায়ুন কবির (৪৫) নামের এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের ধরলা ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মৃত নাজিমুদ্দিন সরকারের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির রাস্তা পার হওয়ার সময় নাগেশ্বরী থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
খবর পেয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক ও চালককে আটক করে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
হুমায়ুন কবিরের অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন