দেশব্যাপী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড রোগ প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।
জাতীয় টিকাদান কর্মসূচি (ইপিআই) সূত্রে জানা গেছে, এই প্রথম বাংলাদেশে ব্যাপক পরিসরে টাইফয়েড প্রতিরোধে টিকা প্রদান করা হচ্ছে। টিকাদান কর্মসূচি চলবে ১২ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত, দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আহমেদুল কবীর জানান,
টাইফয়েড একটি ব্যাকটেরিয়াজনিত রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এই টিকা সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর। সরকার সকল শিশুকে বিনামূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা করেছে।
টিকাদান কার্যক্রমে স্কুল, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ বুথ স্থাপন করা হবে। শিশুদের অভিভাবকদের নির্ধারিত তারিখে সন্তানদের নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিশেষজ্ঞদের মতে, দেশে প্রতিবছর হাজারো শিশু টাইফয়েডে আক্রান্ত হয়। নিরাপদ পানি, স্যানিটেশন ও সচেতনতার পাশাপাশি টিকাদানই টাইফয়েড প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।