"সরকারি সেবা এখন জনগণের দোরগোড়ায়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ৩ নম্বর টেংগারচর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হলো এক বিশেষ গণশুনানি।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়ন পরিষদে স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই গণশুনানিতে এলাকাবাসী সরাসরি অংশগ্রহণ করে তাদের অভিযোগ, সমস্যাবলি ও পরামর্শ তুলে ধরেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম। সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল হাসান ফরাজী। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা।
গণশুনানিতে স্থানীয় নাগরিকরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। ভূমি জটিলতা, জন্মনিবন্ধন, বয়স্ক ভাতা, রাস্তাঘাট, চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেকে অভিযোগ করেন। কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধণের ঘোষণা দেন ইউএনও।
ইউএনও আশরাফুল আলম বলেন, "এই গণশুনানির মূল উদ্দেশ্য হলো সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আমরা চাই জনগণ যেন আর কোনো দালালের খপ্পরে না পড়ে, সরাসরি প্রশাসনের কাছে এসে সেবা গ্রহণ করতে পারে। এই প্ল্যাটফর্ম জনগণের আস্থা তৈরি করবে এবং প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করবে।"
সমস্যার সমাধানে তাৎক্ষণিক নির্দেশনায় চেয়ারম্যান মো. কামরুল হাসান ফরাজী বলেন, "এই গণশুনানির মাধ্যমে জনগণ তাদের দীর্ঘদিনের সমস্যাগুলো নির্ভয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এসব সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা হবে।"
স্থানীয় বাসিন্দারা জানান, এমন উদ্যোগ প্রশাসনের সঙ্গে জনগণের দূরত্ব কমিয়ে এনেছে। একজন প্রবীণ অংশগ্রহণকারী বলেন,“আমরা আগে কখনো এত সহজে কথা বলার সুযোগ পাইনি। আজ নিজের সমস্যাটা সরাসরি বলেছি, এখন অন্তত আশ্বাস পেয়েছি।”
গণশুনানির শেষে ইউএনও আশরাফুল আলম সকলকে আশ্বস্ত করে বলেন, "এই ধরনের গণশুনানি নিয়মিতভাবে চলবে। প্রতিটি ইউনিয়নে সেবার মান বাড়াতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রশাসন এখন শুধু দপ্তরের ভেতর নয়, জনগণের ঘরে ঘরে পৌঁছাতে চায়।"
মন্তব্য করুন