চট্টগ্রামের লোহাগাড়ায় স্কুল ছাত্রীদের ইভটিজিং করায় দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৭ আগস্ট) সাড়ে সকাল ১১টার দিকে এ আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কলাউজান ইউনিয়নের রসুলাবাদ এলাকার আবু তাহেরের ছেলে এয়াকুব (২০) ও একই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে রায়হান (১৮)
এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত এই দুই ইভটিজার উপজেলার সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের স্কুল পড়ুয়া ছাত্রীদেরকে উত্ত্যক্ত করে আসছিল। পরে ছাত্রীরা উত্ত্যক্তের বিষয়টি প্রধান শিক্ষককে জানালে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন।
আজ স্থানীয়রা ইভটিজিংকালে তাদের ধরে উপজেলা প্রশাসনের হাতে তুলে দেয়।
সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ জানান, এ দুই ইভটিজার বিভিন্ন সময়ে ছাত্রীদের ইভটিজিং করে আসছিল। তাই এলাকাবাসী অতিষ্ঠ হয়ে তাদের ধরে উপজেলা প্রশাসনের হাতে তুলে দেয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, ইভটিজিংয়ের দায়ে এয়াকুব ও রায়হান নামে দুজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও আরো অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।