জেলা সদরের চন্দ্রগঞ্জ থানা পুলিশ দুই চিহ্নিত সন্ত্রাসীকে অস্ত্র গুলি ও মাদকসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন দেওপাড়া গ্রামের আব্দুল খালেকের পুত্র রাসেল (২৭) ও উত্তর উত্তর জয়পুর গ্রামের সিরাজ মিয়ার পুত্র ইসমাইল হোসেন প্রকাশ বেলজিয়াম সুমন (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: ফয়জুল আজিম নোমান বলেন, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ দেওপাড়া গ্রামের আব্দুল খালেকের ঘরে অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি রাসেলকে গ্রেফতার করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি আলোকে ওই গ্রামের কড়িমুদ্দিন মোল্লাবাড়ির মসজিদের পাশের পরিত্যক্ত ঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি ও একটি পাইপ এবং ১ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
একই রাতে উত্তর জয়পুর গ্রামের আব্দুর রব চৌধুরী বাড়ির সিরাজ মিয়ার ঘরে অভিযান জ্বালিয়ে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন সুমন প্রকাশ বেলজিয়াম সুমনকে দুই রাউন্ড নাইন এমএম পিস্তলের গুলি ও দশ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। সুমনের বিরুদ্ধে মাদক, অস্ত্র সহ একাধিক মামলা রয়েছে।
তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে অধিকতর তদন্তের জন্য রিমান্ড চেয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
মন্তব্য করুন