মো: জসিম উদ্দীন।।
দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙামাটির বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবি জানিয়েছে এলাকাবাসী। রবিবার (১৭ আগস্ট) সকালে শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এডভোকেট রহমত উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন এডভোকেট জিল্লুর রহমান, মো. রেজাউল করিম, মো. আল আমিন ও মো. আলমগীর হোসেন।
বক্তারা বলেন, বাঘাইছড়ি দেশের সবচেয়ে বড় উপজেলা, যা রাঙামাটি জেলা সদর থেকে প্রায় দেড়শ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্গম এলাকার কারণে জেলা সদরের সাথে সড়কপথে সরাসরি যোগাযোগ নেই। ফলে অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না।
তারা আরও জানান, জনবহুল এ উপজেলায় এখনও কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। ফলে প্রতিবছর অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে হয় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের। চলতি বছরের মে ও জুলাই মাসে দুই দফায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। পাহাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে স্থানীয়দের নিরুপায় হয়ে কেবল দর্শকের ভূমিকা পালন করতে হয়।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জেলার অনেক উপজেলায় ইতোমধ্যে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হলেও অজানা কারণে বাঘাইছড়ির মতো গুরুত্বপূর্ণ উপজেলায় তা স্থাপন করা হয়নি। এ বিষয়ে বারবার সরকারকে অবহিত করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তারা অনতিবিলম্বে বাঘাইছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানান এবং এ বিষয়ে দ্রুত উদ্যোগ গ্রহণ না করা হলে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন
মন্তব্য করুন