চট্টগ্রামের মীরসরাইয়ে নিজের বসতঘরের সামনে কন্টেইনারবাহী লরির চাপায় প্রাণ হারিয়েছেন জয়নাল আবেদীন (৫৫) নামের এক নার্সারি মালিক।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের বাদামতলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলটি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ফেনাপুনি বাদামতলী এলাকায় অবস্থিত ইসমাইল কারপেট কারখানার সামনে।
নিহত জয়নাল আবেদীন ফেনাপুনি বাদামতলী এলাকার বাসিন্দা এবং মরহুম লকিয়ত উল্লার ছেলে। তিনি তার বাড়ির পাশে একটি নার্সারি পরিচালনা করতেন এবং সেখানকার উৎপাদিত চারা গাছ স্থানীয় বাজারে বিক্রি করতেন। প্রতিবেশী ও ফায়ার সার্ভিসের সূত্র জানা যায়, প্রতিদিনের মতোই জয়নাল বৃহস্পতিবার সকালে নার্সারি থেকে চারা গাছ সংগ্রহ করে বড়তাকিয়া বাজারের নিজস্ব দোকানে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি কন্টেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশ দিয়ে উঠে গিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই জয়নালের মৃত্যু হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল। দলনেতা সাংহু মারমা জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করি। লরির চাপায় জয়নালের শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়। পরে মরদেহ জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ গ্রহণ করি। আইনানুগ প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। লরি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
এই দুর্ঘটনায় নিহতের পরিবার, প্রতিবেশী ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন