মোঃ সাদ্দাম হোসেন।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ-লাকুটিয়া সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে চাঁদপাশা ইউনিয়নবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় চাঁদপাশা ইউনিয়নের বটতলা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত ও অযত্নে পড়ে রয়েছে। খানাখন্দে ভরা রাস্তাটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ চরম আকার ধারণ করে। প্রতিদিন শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ হাজারো মানুষ এ সড়ক ব্যবহার করায় নিত্যদিনই দুর্ঘটনা, যানবাহন বিকল হওয়া এবং সময় অপচয়ের শিকার হচ্ছেন। এ ভোগান্তি থেকে মুক্তি পেতেই এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মুহাম্মদ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ অহিদুল ইসলাম প্রিন্স। তিনি বলেন,
“এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে জনদুর্ভোগে পরিণত হয়েছে। জনগণের ন্যায্য অধিকারের দাবিতে আমরা একসাথে থাকবো।”
এছাড়া বক্তব্য রাখেন চাঁদপাশা বিএনপি’র সভাপতি মোঃ আলমগীর হোসেন স্বপন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ইউনিয়ন সেক্রেটারি মোঃ জামাল হোসেন, বিএনপি নেতা ইউসুফ হোসেন মাস্টার, সদস্য মোঃ জাকির হোসেন, আব্দুল হালিম, ছাত্রনেতা মোহাম্মদ সাইফুল আকন, বিএনপি নেতা হুমায়ুন কবি, মাসুম রেজা রুবেলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষ।
বক্তারা দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধন শেষে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন—অবিলম্বে সংস্কার কার্যক্রম শুরু না হলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
মন্তব্য করুন