বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এবং মিটফোর্ডে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশাল জেলা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি গোপন সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে। এ গোষ্ঠী বিভিন্ন স্থানে উদ্দেশ্যমূলকভাবে মব তৈরি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, যা রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।
সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম শাহীন। তিনি বলেন, “তারেক রহমানকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সরকার ও তাদের পৃষ্ঠপোষক গোষ্ঠী এখন ষড়যন্ত্র ও অপপ্রচারের আশ্রয় নিয়েছে। দেশের মানুষ এসব মিথ্যাচার ও সস্তা কৌশলে বিভ্রান্ত হবে না। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি করবো।”
তিনি আরও বলেন, “দেশে যেভাবে একটি গুপ্তচক্র নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, তা নিন্দনীয় ও উদ্বেগজনক। এসব কর্মকাণ্ডের নেপথ্যের হোতাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।”
বিক্ষোভ সমাবেশে বরিশালের বিভিন্ন উপজেলার ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং তারেক রহমানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মন্তব্য করুন