সুমন আহমদ খান।।
সিলেট নগরীর ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে কয়েকটি সামাজিক সংগঠন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট সিটি করপোরেশন (সিসিক) নগরভবনের দুটি প্রধান প্রবেশপথে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেয় সিলেট কল্যাণ সংস্থা সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা। ব্যানার, প্ল্যাকার্ড ও দাবি-সংবলিত ফেস্টুন নিয়ে অংশগ্রহণকারীরা নগরের প্রতিটি ওয়ার্ডে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার দাবি জানান।
সংগঠনের নেতারা অভিযোগ করেন, নগরীর ৪২টি ওয়ার্ডেই ফুটপাত ও সড়ক দখল হয়ে গেছে। এর ফলে প্রতিদিনই পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে, যানজট বাড়ছে, আর নাগরিক জীবনে সৃষ্টি হচ্ছে চরম ভোগান্তি। বহুবার দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তারা আরও জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হলেও সাড়া না পেয়ে অবশেষে তারা অবস্থান কর্মসূচির মতো শান্তিপূর্ণ প্রতিবাদের পথ বেছে নিয়েছেন।
আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে প্রশাসনের প্রতি দাবি জানানো হয় দ্রুত অবৈধ দখল উচ্ছেদ করে নগরবাসীর নিরাপদ চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা হোক।
মন্তব্য করুন