তাশরীফুর রহমান লাবীব।।
রাতের আঁধার কাটিয়ে পশ্চিম দিগন্ত থেকে ভেসে আসছে আজানের ধ্বনি। নিস্তব্ধতা ভেঙে প্রতিধ্বনিত হচ্ছে সেই সুমধুর আহ্বান। শহরের স্তব্ধতা ছিঁড়ে এক নতুন দিনের প্রস্তুতি শুরু হয়েছে। দু-একজন মুরব্বি ইতোমধ্যে মসজিদের পথে রওনা হয়েছেন। সময় নষ্ট না করে মাহমূদও দ্রুত নামাজের প্রস্তুতি সেরে ফেলল।
তবে হাউজিং এলাকার কুকুরগুলো বেশ খেপাটে; লোকশূন্য এই পথে একা মসজিদে যাওয়া একটু রিস্কই বটে।
এভাবেই প্রতিদিন ফজরের নামাজ শেষে সূর্য ওঠার আগেই বাসায় ফিরে আসে মাহমূদ। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সে এক নতুন আসক্তিতে জড়িয়ে পড়েছে—শখ থেকে জন্ম সেই আসক্তির। মাদরাসার অফিসে রাখা পত্রিকায় একটু চোখ না বুলালে তার দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায়।
বিপত্তি বাধে শুক্রবারে, যখন সে বাসায় ফেরে। আব্বুর কড়া নির্দেশ—"বাসায় কোনো পত্রিকা, ম্যাগাজিন, উপন্যাস কিছুই আনা যাবে না!
মাহমূদ বই প্রেমিক ছেলে। মাদ্রাসায় তার পরিচয়—'বইপোকা'।মাদরাসা থেকে প্রকাশিত সাময়িকী এবং দেয়াল পত্রিকায় নিয়মিত লেখে সে।
শুক্রবারের পত্রিকাগুলোতে থাকে সাহিত্যপাতা, প্রেরণামূলক গল্প, শিশু-কিশোর আয়োজনসহ নানা রকম আকর্ষণীয় ফিচার। ছুটির দিনে এসবই থাকে তার আগ্রহ ভরে পড়ার বিষয়।
ভোরের আলো মিশিলে পথ ধরে আজও মাহমুদ একাই বেরিয়েছে। তার চোখ খুঁজছে সেই হকার ছেলেটিকে, যার হাতেই থাকে পত্রিকা। কিন্তু সারা মহল্লা ঘুরেও তার কোনো খোঁজ মেলে না। হতাশ হয়ে পড়ে মাহমূদের মন। তবে সে হাল ছাড়ার ছেলে নয়।
দিনের আলো তখন তীব্র হতে শুরু করেছে। মাহমুদও নিজের ইচ্ছা দৃঢ় করে বলল, "আমাকে পড়তেই হবে!"
অল্প একটু এগিয়েই হঠাৎ চমকে উঠল মাহমূদ। একেবারে চোখের সামনে—হকার্স সমিতির কেন্দ্রীয় অফিস!
বাসায় পত্রিকা আনার অনুমতি না থাকায়, প্রতিবারই তাকে পড়ার জায়গা নিয়ে হিমশিম খেতে হয়। কিন্তু আজ যেন “মেঘ না চাইতেই বৃষ্টি”!
সমিতির অফিসে গিয়ে সে বসে পড়ল। এখানে বিনামূল্যে এবং ইচ্ছেমতো পড়া যায়।
দীর্ঘ সময় নিয়ে ছুটির দিনের বিশেষ আয়োজনে ডুবে গেল মাহমূদ। সব পড়ে শেষ করে এক আত্মতৃপ্ত মুখে সে তখন বাসার পথে ফিরছে।
পথ চলতে চলতে মাহমুদের মনে নেমে এল এক শান্ত ভাবনা।"পত্রিকা তো শুধু কাগজের একটা টুকরো না, এটা জানার একটা জানালা… ভাবার একটা সুযোগ। কত কিছু শেখা যায় এসব থেকে'।
তার মনে গেঁথে গেল এক সুপ্ত আকাঙ্ক্ষা—“এই কথা যেন সব বাবা বুঝতে পারেন। যেন তারা শুধু ‘না’ না বলেন, বরং সন্তানের আগ্রহ আর ভালো দিকগুলো বুঝে সাহস দেন। বই, পত্রিকা, ম্যাগাজিন এসবের জ্ঞান থেকে দূরে ঠেলে না দিয়ে কাছে টেনে নেন।”
মন্তব্য করুন