সিরাজগঞ্জ -৩ রায়গঞ্জ - তাড়াশ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আইনুল হক বলেল, নির্বাচিত হলে তার প্রথম কাজ হবে বেকারত্ব দূর করার উদ্যোগ গ্রহণ করা। তিনি বলেন, “আমি চাই এই আসনের কোনো মানুষ বেকার না থাকে। সবার জন্য কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে চাই। আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে ধানের শীষ এর বিকল্প নেই। জনগনের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে ধানের শীষ প্রতীককে জয়ী করতে হবে।”
সোমবার (১৩ অক্টোবর) বিকাল ৫.৩০ মিনিটে রায়গঞ্জের তেঘড়ী বাজারে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উক্ত জনসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মতিয়ার রহমান, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম, মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল বাতেন, পাঙ্গাসী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি শামসুল আলম খোকন, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মন্ডল, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক নজরুল ইসলাম ফকির ছাড়া বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিপি আইনুল হক বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে অবিচার ও জুলুমের শিকার হয়ে আসছে। এখন জনগণ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। তিনি জোর দিয়ে বলেন, “জুলুম ও স্বৈরাচার থেকে মুক্ত হয়ে জনগণ আজ ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য একত্রিত হয়েছে। এ গণজোয়ারকে আর কেউ রুখতে পারবে না। আগামীর প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ, আধুনিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হলে ধানের শীষ প্রতীক কে শক্তি বৃদ্ধি করতে হবে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি ও স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে দেশ পিছিয়ে পড়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়তে হলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সঠিক নেতৃত্ব বেছে নিতে হবে।
বৈঠকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং তারা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।