শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথবাহিনীর অভিযানে ২৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাতে উপজেলার শিমুলতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, যৌথবাহিনী মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক ৯টার দিকে সন্দেহজনকভাবে আসা কয়েকজন ব্যক্তিকে থামার সংকেত দিলে তারা দ্রুত পালিয়ে যায়। পরে চেকপোস্টের পাশের রাস্তার ধারে ফেলে রাখা একটি কার্টুন থেকে ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেওয়া এক সদস্য জানান, সীমান্তবর্তী এই অঞ্চলে ভারতীয় মদসহ বিভিন্ন মাদকদ্রব্য পাচার হয় বলে গোপন সূত্রে তথ্য পাওয়া যাচ্ছিল। সেই সূত্রে যৌথ অভিযান পরিচালনা করা হয়। “মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে,” বলেন তিনি।
উদ্ধারকৃত মদ পরবর্তীতে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, “২৩ বোতল ভারতীয় মদ থানায় জমা দেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।”
উল্লেখ্য, নালিতাবাড়ী উপজেলার সীমান্ত ঘেঁষা বিভিন্ন এলাকায় ভারতীয় মদের প্রবাহ দীর্ঘদিনের সমস্যা। আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান স্থানীয়দের মাঝে স্বস্তি এনে দিয়েছে।
মন্তব্য করুন