নওগাঁর মান্দায় বিলবয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসী এবং অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের প্রতি অসৌজন্যমূলক আচরণ করে আসছেন।
অভিযোগে জানা গেছে, শিক্ষক জাহাঙ্গীর আলম ছাত্রীদের প্রতি অসত্য উদ্দেশ্যে গায়ে হাত তোলেন এবং তার কাছে প্রাইভেট না পড়লে ছাত্রছাত্রীদের ভয়ভীতি দেখান ও মারধর করেন। এসব বিষয় নিয়ে আগে থেকেই বিদ্যালয় ও এলাকাজুড়ে অসন্তোষ বিরাজ করছিল।
সম্প্রতি, গত ১৭ জুলাই (বুধবার) ৩য় শ্রেণির এক ছাত্রীকে তিনি শ্রেণিকক্ষে বেদম মারধর করেন। এতে ছাত্রীটি রক্তাক্ত অবস্থায় আহত হয়। ঘটনার পরপরই ছাত্রীর অভিভাবক ও স্থানীয় লোকজন আহত শিশুটিকে উপজেলা শিক্ষা অফিসে নিয়ে যান এবং মৌখিকভাবে অভিযোগ জানান।
স্থানীয় বাসিন্দা মো. শামীম হোসেন জানান, "এই শিক্ষক দীর্ঘদিন ধরে এমন আচরণ করে আসছেন। আমরা এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, "ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীর দাবি, এ ধরনের ঘটনা শিশুদের মানসিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। তাঁরা দ্রুত তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন