জেলা প্রতিনিধি।।
লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার মানুষের জীবন আজ বন্যা ও ভাঙনের আতঙ্কে দিন কাটছে। প্রায় প্রতি বছরই তিস্তার পানি বৃদ্ধি পেলে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়, ভেঙে যায় রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলের জমি।
সাম্প্রতিক ভারী বর্ষণ ও তিস্তার উজানে পানির চাপ বাড়ায়, পাটগ্রাম উপজেলার দহগ্রাম এলাকায় একটি গুরুত্বপূর্ণ সড়ক সম্পূর্ণভাবে ভেঙে গেছে। এর ফলে স্থানীয়দের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বন্যার পানিতে গ্রামীণ সড়কটি এখন প্রায় অচল হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, “প্রতিবারই আমরা এমন দুর্ভোগে পড়ি। রাস্তাঘাট, ঘরবাড়ি, জমি—সব কিছু ভেসে যায়। কিন্তু এখনো পর্যন্ত স্থায়ী তিস্তা বাঁধ নির্মাণ হয়নি। কবে আমাদের এই ভোগান্তির শেষ হবে?”
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বহুবার আন্দোলন ও স্মারকলিপি প্রদান করা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
মানুষ জানতে চায়—কবে হবে তিস্তা বাঁধ নির্মাণ? কবে মিলবে স্থায়ী স্বস্তি?
স্থানীয়দের দাবি, সরকার ও প্রশাসনের জরুরি নজরদারি ছাড়া এই এলাকার মানুষের জীবন-জীবিকা ক্রমেই ঝুঁকির মুখে পড়বে। এখনই যদি স্থায়ী বাঁধ নির্মাণ না হয়, তবে ভবিষ্যতে এই অঞ্চলের বসতি ও কৃষি পুরোপুরি হুমকির মুখে পড়বে।
মন্তব্য করুন