শ্রী পবিত্র কুমার দাস
জেলা প্রতিনিধি বগুড়া।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তার নিজ জেলা বগুড়া থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করছেন নেতাকর্মীরা।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকেই এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার ও ট্রেনযোগে প্রায় এক লাখ নেতাকর্মী রাজধানীতে সমবেত হচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা ও উপজেলা বগুড়া সদর সহ শিবগঞ্জ, গাবতলী, ধুনট, শেরপুর, সারিয়াকান্দি ও শাজাহানপুর সহ বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের নিয়ে যাওয়ার জন্য প্রায় ৫০০টি বাস প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে সদর উপজেলা থেকেই যাবে ২৫০টি বাস। বাকি ১১টি উপজেলা থেকে ২০ থেকে ২৫টি করে মোট আরও ২৫০টি বাস ঢাকায় যাবে।
বাসের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে আরও অনেক নেতাকর্মী মাইক্রোবাস ও প্রাইভেট কারে ঢাকার পথে রওনা হয়েছেন। এছাড়া গত ২৩ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৬টার ট্রেনে হাজারো নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন বলে জানিয়েছেন বগুড়া জেলা বিএনপি ।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণতান্ত্রিক আন্দোলনের একটি ঐতিহাসিক অধ্যায়। এরই মধ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে। ৫০০টির বেশি বাস বগুড়া থেকে যাবে।
যেহেতু এটি তারেক রহমানের নিজ জেলা, তাই এখানকার নেতাকর্মীদের মধ্যে আলাদা উচ্ছ্বাস কাজ করছে। আমরা সবাইকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ থাকার নির্দেশ দিয়েছি।
এদিকে বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস বলেন বগুড়া জেলা যুবদল ও সদর যুবদলের অনেক নেতা কর্মী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে তাতে দেখা যায় ১৭ বছর পর তারেক রহমান দেশে ফিরে আসছে শুধু একটি বার সরাসরি দেখবে বলে বগুড়ার যুবদলের নেতাকর্মীদের মধ্যে আলাদা উচ্ছ্বাস কাজ করছে। বগুড়ার সব নেতাকর্মী নির্ধারিত সময়ের মধ্যেই ঢাকায় পৌঁছাবেন।’
মন্তব্য করুন