এস.এম.পারভেজ।।
ঝালকাঠিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারীরা দাবি করেছেন, তাদের পৈত্রিক সম্পত্তি এখনও আদালতে বিচারাধীন থাকা অবস্থায় অপর পক্ষ গোপনে জমি ক্রয়ে করেছেন। এখন জমির ন্যায্য মূল্য চাওয়ায় উল্টো তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে।
সোমবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন পশ্চিম চাঁদকাঠি এলাকার বাসিন্দা মোঃ রাছেল তালুকদার। পরিবারের পক্ষ থেকে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি জানান, চাঁদকাঠি মৌজার এসএ ৩০১ খতিয়ানের ১০৮ নম্বর দাগে তার দাদা আ. রশিদ মিয়া ১৯৪২ সালে ৪৩ শতাংশ জমি ক্রয় করেন। দলিল নম্বর ৩৮০০ অনুযায়ী জমির মালিকানার বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে। এ সম্পত্তি নিয়ে ২০১৩ সাল থেকে ঝালকাঠি আদালতে মামলা বিচারাধীন রয়েছে (মোকদ্দমা নং ২৯৪/২১)।
অভিযোগে বলা হয়, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিবাদী সাইদুল ইসলাম জমির ওপর স্থায়ী স্থাপনা নির্মাণ শুরু করেন। এমনকি ওই জমি আদালতের নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও গোপনে তা বিক্রি করে দেন। বিষয়টি জানার পর রাছেল তালুকদার ও তার পরিবার ন্যায্য জমিমূল্য দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীপক্ষ তাদের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে দ্রুত বিচার আইনে আদালতে মামলা দায়ের করেন (মামলা নং ৬১/২৫)।
সংবাদ সম্মেলনে রাছেল তালুকদার বলেন, ‘জমি নিয়ে আমাদের পক্ষের মামলা এখনো চলমান। সেই জমি যাদের কাছে বিক্রি করা হয়েছে, আমরা কেবল তাদের কাছেই ন্যায্য দাম চেয়েছি। কিন্তু দাম চাওয়াকে কেন্দ্র করেই এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত চাঁদাবাজির মামলা ঠুকে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমার বাবা একজন ৭৬ বছর বয়সী অসুস্থ বৃদ্ধ। বিভিন্ন রোগে ভুগছেন। তাকেও মামলায় “সন্ত্রাসীদের গডফাদার” বানিয়ে আসামি করা হয়েছে। আমার ভাই রিমন তালুকদার মামলার ঘটনার দিন বাড়িতে অসুস্থ সন্তান নিয়ে অবস্থান করছিলেন, অথচ তাকেও আসামি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতে হস্তক্ষেপ কামনা করেন।
মন্তব্য করুন