মোঃ মোশারোপ
ফটিকছড়ি উপজেলার উত্তর বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া–গজারিয়া সড়কটি আজও উন্নয়নের আলোর মুখ দেখেনি। স্বাধীনতার পর অর্ধশতাব্দী কেটে গেলেও এই সড়কটির বেহাল দশা যেন কারো নজরে আসছে না। দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
প্রায় দুইটি ওয়ার্ডের কয়েক হাজার মানুষের প্রতিদিনের চলাচলের একমাত্র ভরসা এই সড়ক। কিন্তু কোথাও বড় বড় গর্ত, কোথাও ভাঙা কালভার্ট, আবার কোথাও কাদা-পানিতে ডুবে থাকে রাস্তা। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদার সাগরে পরিণত হয়, ফলে স্কুল–কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবী মানুষ পর্যন্ত চরম ভোগান্তিতে পড়েন।
স্থানীয় বাসিন্দা মো. আমির হোসেন বলেন, “প্রতিদিন এ পথে চলাচল করা যেন একপ্রকার যুদ্ধের মতো। অনেক সময় মোটরসাইকেল কাদায় আটকে যায়, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সও যেতে পারে না।"
আরেকজন প্রবীণ ব্যক্তি আফসোস করে বলেন, “দেশে স্বাধীনতা এসেছে, উন্নয়ন হয়েছে সর্বত্র, কিন্তু আমাদের এই সড়কটি এখনও উপেক্ষিত। ভোটের সময় প্রতিশ্রুতি মিললেও কাজের দেখা মেলে না।”
চিকনছড়া ও গজারিয়া এলাকার জনগণের দাবি—দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত এই সড়কটি পাকা বা সংস্কার করা হোক। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।
সড়কটি সংস্কার হলে শুধু দুই ওয়ার্ডের বাসিন্দারাই নয়, আশপাশের কয়েকটি গ্রামের মানুষও এর সুফল পাবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
অবিলম্বে উদ্যোগ না নিলে, আসন্ন শীত ও বৃষ্টির মৌসুমে এই সড়কটি চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়বে—এমন আশঙ্কাও প্রকাশ করেছেন এলাকাবাসী।