মোঃ প্রিন্স মোল্লা।।
গোপালগঞ্জ জেলার সদর উপজেলার ডুমদিয়াতে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। গত রাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান ঘটনা টি নিশ্চিত করেছেন।
নিহত দুজন হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের আবুল কাশেম খানের ছেলে রুহুল আমিন খান (৬৫) ও দুলাল আমিন খান (৫৭)। নিহত দুই ভাই একত্রে ওষুধের ব্যবসা করতেন।
সদর থানার ওসি জনাব মীর মো: সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জ জেলা শহরের নিজেদের ওষুধের দোকান থেকে ছোট ভাই দুলালকে সাথে নিয়ে বড় ভাই রুহুল আমিন মোটরসাইকেলে করে নিজ বাড়ি খাগাইল যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ছোট ভাই দুলাল আমিন ঘটনাস্থলেই মারা যান। পরে আহত অবস্থায় বড় ভাই রুহুল আমিনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে।
মন্তব্য করুন