গাজী মাহমুদ পারভেজ।।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নদী তীর রক্ষার আন্দোলনে গ্রামবাসীর দৃঢ় অবস্থান আবারও সামনে এলো। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নয়ানগর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে অর্ধশতাধিক ড্রেজার দিয়ে তীর ঘেঁষে বালু উত্তোলনের চেষ্টা চলছিল। কিন্তু নারী-পুরুষ নির্বিশেষে এলাকাবাসী একত্রিত হয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুললে ড্রেজার সরাতে বাধ্য হয় ইজারাদার প্রতিষ্ঠান।
প্রথমে গ্রামবাসী শান্তিপূর্ণভাবে ড্রেজার সরাতে বললেও ইজারাদাররা বালু উত্তোলন চালিয়ে যেতে থাকে। পরে স্থানীয়রা ট্রলার নিয়ে এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে মুখোমুখি পরিস্থিতি সৃষ্টি হয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ইজারাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি জান্নাত হোসেন মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন। বর্তমানে তিনি গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় আলী হোসেন নামে এক গ্রামবাসী বলেন, “আমাদের গ্রাম ভাঙনের মুখে পড়তে পারে, তাই আর চুপ থাকা যায়নি। আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছি।” সাহেরা বেগম বলেন, “নদীর পাড় রক্ষার জন্য আমরা নারী-পুরুষ একসঙ্গে মাঠে নেমেছি। অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে গ্রামবাসী আরও কঠোর হবে।
ঘটনার পর সাংবাদিকরা বালুমহালের দায়িত্বে থাকা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম জসিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম জানান, নদীতে ঘটনা ঘটায় নৌপুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম দাবি করেন, “এটি সরকার অনুমোদিত বালুমহাল। তবে নিয়ম ভেঙে নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন করলে ব্যবস্থা নেওয়া হবে।”
মেঘনা নদীর তীরবর্তী গজারিয়ার বিভিন্ন এলাকা ভাঙন ঝুঁকিতে রয়েছে বহুদিন ধরে। তীর ঘেঁষে বালু উত্তোলন সেই ঝুঁকিকে বহুগুণ বাড়াচ্ছে। অথচ অনুমোদনের দোহাই দিয়ে ইজারাদাররা নিয়ম ভঙ্গ করে প্রকাশ্যে বালু কেটে নিচ্ছে। স্থানীয়রা প্রশাসনের কার্যকর পদক্ষেপ না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন।