গাজী মাহমুদ পারভেজ।।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ভয়াবহ এক ঘটনায় দেয়াল ধসে পড়ে দুই শিশু শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে ঘাতক ট্রেইলারসহ একটি প্রাইভেটকার ভাঙচুর করে। স্থানীয়দের বিক্ষোভে ঘণ্টাব্যাপী বন্ধ ছিল হোসেন্দী-জামালদী আঞ্চলিক সড়ক।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদী পূর্বপাড়ায় এলাকায় এ-ই ঘটনা ঘটে।
আহত দুই শিশু হলো: জামালদী গ্রামের মফিজ উদ্দিন এর ছেলে সারাফাত (৬), বিল্লাল হোসেন এর মেয়ে জামিয়া (৬), তারা হাজী সিরাজুল হক স্কুলের ছাত্র ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেইলারের বেপরোয়া গতি দেখে শিশু দুটি সড়ক থেকে দৌঁড়ে বাড়ির ভেতরে আশ্রয় নেয়। কিন্তু নিয়ন্ত্রণহীন ট্রেইলারটি হাজী দেলোয়ার হোসেনের বাড়ির সীমানা প্রাচীরে সজোরে ধাক্কা দিয়ে দেয়াল ভেঙে ফেলে। সেই ভাঙা দেয়াল চাপা পড়ে গুরুতর আহত হয় শিশু দুটি।
স্থানীয় শাহিদা বেগম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন: “আমি ড্রাইভারকে অনেকবার বলেছি— ভাই, গাড়ি থেকে নামেন, বাচ্চাদের উদ্ধার করেন, ওদের বাঁচান। কিন্তু ড্রাইভার এক সেকেন্ডের জন্যও গাড়ি থেকে নামেননি। নিষ্ঠুরভাবে গাড়িতে বসে ছিলেন তিনি।”
এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে আঞ্চলিক সড়কে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন এবং ঘাতক ট্রেইলারটি আটক করে রাখেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) এবং গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ।
উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম বলেন: “একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা আহত শিশুদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইসাথে এলাকাবাসীর নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আঞ্চলিক সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার করা হবে।”
ওসি আনোয়ার আলম আজাদ বলেন: “ঘটনার পরপরই ট্রেইলারটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের প্রক্রিয়া চলছে। আমরা তদন্ত করে আইনি ব্যবস্থা নিচ্ছি। জনগণকে আহ্বান করছি— আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন।”
বিষয়টি সম্পর্কে কোম্পানি কর্তৃপক্ষের বক্তব্য জানতে সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে গিলে গণমাধ্যমকর্মীদের ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তবে তাদের পক্ষ থেকে ব্যবস্থাপক (মানব সম্পদ বিভাগ) মো. হাফিজুর রহমান বলেন, ট্রেলার ট্রাকের মালিক আমরা নই। আমরা একটি এজেন্সি থেকে গাড়ি ভাড়া করে আনি। গাড়ি সংক্রান্ত বিষয়ে সকল দায়ভার তাদের।
এলাকাবাসীর অভিযোগ, এই সড়কে দীর্ঘদিন ধরে কেমিক্যাল কোম্পানির ভারী যানবাহনের বেপরোয়া চলাচল চললেও কোনো নিয়ন্ত্রণ বা নজরদারি ছিল না।
মন্তব্য করুন