রাজবাড়ীর কালুখালীতে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কালুখালী থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার।
সভায় উপস্থিত ছিলেন,কালুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রনজয় কুমার বসু, সাধারণ সম্পাদক যাদব কুমার দত্ত ।কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম (রুমা), সিনিয়র সহসভাপতি তৈয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু ও উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল হোসেন,কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরুজ আলী মুন্সী বাংলাদেশ জামায়াতে ইসলামী কালুখালী উপজেলার আমীর আব্দুর রব।হাফেজ মালেক, গণ অধিকার পরিষদ কালুখালী উপজেলার সদস্য সচিব সাগর আহমেদ এবং ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ ওবায়দুর রহমান (সাগর)ও স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং কালুখালী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “শারদীয় দুর্গোৎসব বাঙালির অন্যতম ঐতিহ্যবাহী উৎসব। এ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।”
সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, “দুর্গোৎসব চলাকালীন প্রতিটি পূজা মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। সার্বক্ষণিক টহল জোরদার থাকবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।”
তিনি আরও আশ্বাস দিয়ে বলেন, “আমরা চাই সকলে নির্বিঘ্নে উৎসব উদযাপন করুন। আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা জনগণের পাশে আছে।”
সভা শেষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।