মোঃ ফরহাদ হোসেন
নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। বুধবার রাত প্রায় ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সেনাক্যাম্পের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনী সূত্র জানায়, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁপাডাল গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে হিরা রহমান (৩৫) ও তার স্ত্রী মৌসুমি আক্তার (৩০) কে তল্লাশি চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই মাদকটি নিজেদের কাছে থাকার বিষয়টি স্বীকার করে বলে জানা গেছে।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে দম্পতিকে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডাদেশ কার্যকর শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে নওগাঁ সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার নিজামউদ্দিন বলেন, “মাদকবিরোধী চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”
বদলগাছী থানা দম্পতি আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয়দের দাবি, পাহাড়পুর এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র মাদক বেচাকেনার সঙ্গে জড়িত। সেনাবাহিনীর এ অভিযান মাদককারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
|
ইং