মোঃ নাছির উদ্দীন।।
কেশবপুর থানাধীন এ্যাডভোকেট ওজিয়ার রহমানের নামে প্রকাশিত একটি বিতর্কিত ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তিনি।
এ্যাডভোকেট ওজিয়ার রহমান জানান, গত ৪ আগস্ট ২০২৫ ইং, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আনোয়ার হোসেনের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে যান। এ সময় তার সঙ্গে ছিলেন ৩নং মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন এবং বিএনপি নেতা বাগদাহ গ্রামের আবু সাঈদ।
ওসির সঙ্গে আলোচনা শেষে রাত আনুমানিক ৯টার দিকে থানা থেকে বের হওয়ার সময় তিনি বারান্দায় দেখতে পান কেশবপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আজিজুর রহমানের নেতৃত্বে প্রায় ১৫-২০ জন ছাত্রদল নেতা-কর্মী দুই যুবককে আক্রমণ করতে উদ্যত হয়েছে। পরবর্তীতে জানা যায়, ওই দুই যুবকের একজন ফারুক, যিনি ৮নং ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুব জামাতের সেক্রেটারি, এবং অপরজন রাজিব, যিনি ছাত্রলীগের সঙ্গে যুক্ত।
আলোচনা চলাকালে ছাত্রদল নেতারা অভিযোগ করেন যে রাজিব নানাভাবে তাদের ওপর অত্যাচার করে আসছে। এ সময় ভীতসন্ত্রস্ত দুই যুবক এ্যাডভোকেট ওজিয়ার রহমানের কাছে সাহায্য প্রার্থনা করেন। মানবিক কারণে তিনি তাদের নিজের পিছনে রেখে উত্তেজিত ছাত্রদল কর্মীদের শান্ত করার চেষ্টা করেন।
তিনি আরও জানান, কিছুক্ষণের মধ্যে থানার এসআই মকলেছুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হলে তিনি তাকে দায়িত্বশীল হওয়ার জন্য অনুরোধ ও পরামর্শ দেন। কণ্ঠস্বর সামান্য উচ্চ হওয়ায় মুহূর্তে পরিস্থিতি শান্ত হয়। ছাত্রদল কর্মীরা পরে জানান, “ওজিয়ার ভাইয়ের কারণে আজ তুমি বেঁচে গেছো।”
এ্যাডভোকেট ওজিয়ার রহমান স্পষ্ট করে বলেন, ঘটনাটিতে কোনো প্রকার হুমকি-ধমকি ছিল না। এটি ছিল তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবিলার কৌশল মাত্র। তিনি আশা প্রকাশ করেন, পুলিশ প্রশাসনের সঙ্গে তার সম্পর্কের কোনো অবনতি হয়নি এবং সবাই প্রকৃত বিষয়টি উপলব্ধি করবেন।
মন্তব্য করুন