রাজিব রানা
মাসের নির্ধারিত ১৫ তারিখ পার হয়ে গেলেও কোকাকোলা, আব্দুল মোনেম লিমিটেডের অধীনে কর্মরত সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) দের স্যালারি এখনো পরিশোধ করা হয়নি। এতে চরম অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে।
মাঠপর্যায়ে রোদ-বৃষ্টি উপেক্ষা করে নিয়মিত কাজ করা, বিক্রয় টার্গেট পূরণ এবং কোম্পানির সুনাম ধরে রাখার পরও সময়মতো বেতন না পাওয়াকে এসআররা শ্রমিক অধিকারের সরাসরি লঙ্ঘন বলে দাবি করেছেন। বেতন বকেয়া থাকায় অনেক কর্মী পরিবার চালানো, বাসাভাড়া ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন।
এ ব্যাপারে একজন ভুক্তভোগী এসআর এর সাথে কথা বললে সে জানায়, "বাড়ি থেকে টাকা এনে বাসা ভাড়া দিয়েছি, হাওলাত করে চলতে হচ্ছে,
অসুস্থতার জন্য আজকে ডাক্তার দেখিয়েছি ৩ হাজার টাকা খরচ করে সে টাকাও বড় ভাইয়া কে কল করে আনতে হয়েছে। বেতন যা দেয় সেটাও দেয় মাসের ১০ তারিখের পর, যা কখনো কখনো ১৫ তারিখের পরেও হয়ে থাকে।
কোম্পানি একটা বার চিন্তা করে না মাস শেষ হলেই প্রায় সকল কে বাসা ভাড়া দেওয়া ও অন্যান্য খরচ করতে হয় যা প্রথম ও দ্বিতীয় সপ্তাহে শেষ হয়ে যায়,
তার উপর যে ধারদেনা করা হয় সেগুলোও দিতে হয়।
এই ভাবে আর কত দিন...?"
ভুক্তভোগী এসআরদের অভিযোগ, একাধিকবার মৌখিকভাবে জানানো হলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। এতে কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
দ্রুত বকেয়া স্যালারি পরিশোধ না হলে এসআররা কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে শ্রম আইন অনুযায়ী সময়মতো বেতন নিশ্চিত করতে কোকাকোলা, আব্দুল মোনেম লিমিটেড কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তারা।