সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ব্যবসায়ীর বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাত ১২টার দিকে উপজেলার মাইজগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী লাল মিয়া ও কাজল মিয়ার বসতবাড়িতে সবাই ঘুমিয়ে থাকার সময় হঠাৎ একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, ফায়ার সার্ভিসের গাড়িতে পানি না থাকায় তারা বাধ্য হয়ে পাশের পুকুর থেকে পাইপের মাধ্যমে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ততক্ষণে পুরো বাড়ি ভস্মীভূত হয়ে যায়।
আগুনে মূল্যবান আসবাবপত্র, পোশাক, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী লাল মিয়া বলেন, “আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। দীর্ঘদিনের জমানো সম্পদ এক রাতেই শেষ।”
ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সাইদ হাসান শুভ জানান, ঘরের দেয়াল ছাড়া আর কিছুই অক্ষত নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ সম্ভব হয়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলেও তিনি জানান।