ইফতিয়ার আহম্মেদ পুলক।।নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রেডিমিক্স সিমেন্ট কারখানার গাড়িতে ঢিল মারায় এক যুবককে আটকে রেখে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে আদমজী এলাকায় ক্রাউন সিমেন্টের রেডিমিক্স কংক্রিট কারখানার ভেতরেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত যুবকের নাম সাজ্জাদ হোসেন (৩০)
নিহত যুবক আদমজীর নয়াপাড়া এলাকার মুরগি বিক্রেতা কামাল হোসেনের ছেলে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান সাংবাদিকদের বলেন, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ক্রাউন সিমেন্টের একটি গাড়িতে ঢিল মারে। এতে গাড়ির গ্লাস ভেঙে গেলে ড্রাইভার,হেলপার মিলে সাজ্জাতকে তুলে নিয়ে ক্রাউন সিমেন্টের রেডিমিক্স কারখানায় নিয়ে নির্যাতন করে, নির্যাতনের এক পর্যায়ে সকাল সাড়ে ছয়টার দিকে সে মারা যায়।
সকালে সাজ্জাদকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এদিকে সাজ্জাদ “মানসিক ভারসাম্যহীন” জানিয়ে তার মামা আল আমিন হোসেন বলেন, সে প্রায় সময় রাতের বেলা রাস্তায় ঘুরে বেড়ায়।
আমাদের এলাকাতেই ফ্যাক্টরি।
দশ মিনিটের হাঁটা পথ। সাজ্জাদ তো পাগলের মতো, এলাকার সবাই জানে। রাতে ঈদগাহের সামনের রাস্তায় ক্রাউন সিমেন্টের গাড়িতে ঢিল দিছিলো। এই কারণে ওরে ধইরা কারখানার ভেতরে নিয়া রাতভর পিটাইয়া মারছে।”
চার ভাই বোনের মধ্যে বড় সাজ্জাদ নবম শ্রেণির পর পড়াশোনা ছেড়ে দেন। তার বাবা কামাল এলাকায় এলাকায় ঘুরে ঘুরে মুরগি বিক্রি করেন। পরিবারের বড় সন্তানকে হারিয়ে শোকাহত সাজ্জাদের বাবা-মা।
এদিকে মরদেহ উদ্ধারের পর দুপুরে কারখানাটির ১০ জন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। ওই সময় সেখানে এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়েন এবং আটকদের উপর চড়াও হন। পরে অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, এটি একটি হত্যাকাণ্ড, আমরা সেভাবেই তদন্ত করছি। ঘটনার সঙ্গে জড়িত হিসেবে সিমেন্ট কারখানার গাড়ি চালক, তার সহযোগী, নিরাপত্তাকর্মীসহ ১০ জনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভিক্টিম পরিবার মামলা করলে পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।”
এ ঘটনায় একটি হত্যা মামলা হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন