আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়া লালন আখড়াবাড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী লালন মেলা।ভক্ত ও অনুসারীদের ঢল নেমেছে ছেঁউড়িয়ায়।
লালন মেলার আগেই দেশের বিভিন্ন জেলা থেকে ভক্তরা আসতে শুরু করেছেন।
গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে রাজবাড়ীর কালুখালী জংশন রেলওয়ে স্টেশন এলাকায় দেখা গেছে ট্রেনে উপচেপড়া যাত্রীদের ভিড়। কেউ ট্রেনের ভেতরে, কেউ জানালার পাশে ঝুলে, আবার কেউ মই বেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে যাচ্ছেন প্রিয় সাঁইজির বারামখানায় যোগ দিতে।
নাইমুর রহমান, নামের এক যাত্রী বলেন, লালন সাঁইয়ের মাজারে আসার জন্য মই দিয়ে ট্রেনের ছাদে উঠেছি। ঢাকা থেকে সাইজির আখড়ায় যাচ্ছি , কাল আবার ট্রেনে ফিরে যাবো। কষ্ট হইলেও সাঁইজির টানে ছুটে এসেছি।
আরেক যাত্রী জানান, ঢাকার রাস্তায় যানজট অনেক, বাসে গেলে সময় বেশি লাগে। তাই একটু কষ্ট করে হলেও ট্রেনে যাচ্ছি, অল্প সময়েই গন্তব্যে পৌঁছানো যায়।
স্থানীয়রা বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার ভক্তদের সমাগম আরও বেশি। প্রতিদিনই ঢাকা, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ ট্রেনে করে লালন আখড়াবাড়ির উদ্দেশ্যে ছুটছেন।
কালুখালী জংশন রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মেহেদী হাসান বলেন, ঢাকা কমলাপুর থেকে মেল ট্রেন এবং রাজবাড়ী থেকে শাটল ট্রেনে অসংখ্য যাত্রী ছেঁউড়িয়ার লালন শাহ মাজারের উদ্দেশ্যে যাচ্ছেন। অনেকেই ট্রেনের ছাদে উঠে যাচ্ছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন, তবে যাত্রীদের এমন ভিড়ে আমাদের তেমন কিছু করার সুযোগ নেই।তিনি আরও বলেন, খুব অল্প খরচে এবং স্বল্প সময়ে ঢাকা থেকে কুষ্টিয়া পৌঁছানো যায় বলে অনেকেই ট্রেনকেই বেছে নিচ্ছেন।
ইতোমধ্যে ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী সাধুসঙ্গ, বাউল গান ও আধ্যাত্মিক আলোচনা। ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো মেলা প্রাঙ্গণ।