মোঃ শাকিল।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় নকলা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। সোমবার (১লা সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী সাহেবের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, তিনি ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও বিএনপির একজন নিবেদিত প্রাণ নেতা। দোয়া মাহফিলে তার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শহীদ জিয়াউর রহমান, প্রয়াত নেতৃবৃন্দ ও দেশের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মরহুম হুইপ আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর সুযোগ্য সন্তান শেরপুর-২ আসনের গণমানুষের নেতা, ইঞ্জিনিয়ার মোঃ ফাহিম চৌধুরী। তিনি বলেন, “বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শক্তি। শহীদ জিয়া যে বহুদলীয় গণতন্ত্রের বীজ বপন করেছিলেন, তার উত্তরসূরিরা আজও সেই আন্দোলনকে এগিয়ে নিচ্ছে। আমরা শেরপুর-২ আসনের মানুষের অধিকার আদায়ে সবসময় কাজ করে যাব।”
অনুষ্ঠানে নকলা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন