খালিদ হাসান।।
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ রোববার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে। সকাল থেকেই সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন মন্দির-মণ্ডপে দেবী দুর্গাকে বরণ করে নিতে চলছে নানা প্রস্তুতি।
ধূপধুনো, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের সুরে দেবী অধিষ্ঠিত হবেন আসনে। পঞ্জিকা অনুযায়ী, সকাল ১১টা ১১ মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথিতে সম্পন্ন হচ্ছে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।
শাস্ত্রমতে ষষ্ঠীর উপযুক্ত সন্ধিকাল না থাকায় এবার পঞ্চমীর সন্ধ্যাতেই বোধন, আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন হয়েছে। আজ ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা।
আগামী ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমী এবং ১ অক্টোবর মহানবমী পূজা অনুষ্ঠিত হবে। ২ অক্টোবর মহাদশমীর মধ্য দিয়ে পূজা সমাপ্ত হবে এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
পুরাণ মতে, এ বছর দেবী দুর্গার আগমন গজে অর্থাৎ হাতির পিঠে, যা সুসময়ের বার্তা বহন করে। আর বিদায় হবে দোলা বা পালকিতে, যা শোকের প্রতীক হিসেবে ধরা হয়।
দুর্গাপূজাকে ঘিরে তাড়াশ উপজেলার প্রতিটি মণ্ডপে চলছে রঙিন সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ। পূজার আয়োজন ঘিরে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।