র্যাবের সোর্স পরিচয় দিয়ে এবং র্যাব কর্মকর্তাদের নাম ব্যবহার করে চাঁদাবাজি, মাদক চোরাচালান, অস্ত্র ব্যবসা ও অপহরণসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালানোর অভিযোগে মোস্তাক আহম্মেদ (৪০) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
বুধবার (৬ আগস্ট) রাতে কক্সবাজার জেলার রামু উপজেলার চেইন্দা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের একটি দল। আটক মোস্তাক আহম্মেদ টেকনাফ উপজেলার পানখালী এলাকার কালা মিয়ার ছেলে।
র্যাব-১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এবং সহকারী পুলিশ সুপার আ.ম ফারুক বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মোস্তাক আহম্মেদ দীর্ঘদিন ধরে র্যাবের সোর্স পরিচয় দিয়ে টেকনাফ ও রামু উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিতভাবে চাঁদা আদায় করছিল। কখনো তিনি ‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে আবার কখনো র্যাবের সিনিয়র কর্মকর্তাদের নাম ভাঙিয়ে টাকা আদায় করতেন। তার নেতৃত্বে একটি অপরাধচক্র এলাকায় চাঁদাবাজি, মাদক ছিনতাই, অস্ত্র ব্যবসা, ডাকাতি ও অপহরণের মতো গুরুতর অপরাধ কার্যক্রম চালিয়ে আসছিল।
সহকারী পুলিশ সুপার আ.ম ফারুক আরও জানান, মোস্তাক আহম্মেদের বিরুদ্ধে অস্ত্র আইনে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক অস্ত্র, মাদক ও প্রতারণার মামলা বিভিন্ন থানায় বিচারাধীন রয়েছে।
আটকের পর মোস্তাক আহম্মেদকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।