মোঃ মাইদুল ইসলাম।।
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মাদার সমাজ উন্নয়ন সংস্থা সম্প্রতি এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। সংস্থার উদ্যোগে কাউনিয়া রেল বাজার রোড ডিভাইডার এর মাঝখানে ও আশপাশের খালি জমিতে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে সংস্থার প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক মোঃ আকরাম হোসেন অরেঞ্জ বলেন, “প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ করে এবং নিয়মিত পরিচর্যা করে, তবে আমাদের পরিবেশ হবে আরো সবুজ ও প্রাণবন্ত।”
অনুষ্ঠানে অত্র সংস্থার পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। তারা সবাইকে সবুজায়নের এ উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে মাদার সমাজ উন্নয়ন সংস্থা। সংস্থাটি ভবিষ্যতেও বৃহৎ পরিসরে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে।