কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিশুদের শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘কাব কার্নিভাল ২০২৫’। সোমবার (২৩ জুন) ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।
জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও স্কাউটস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকালের কর্মসূচির সূচনা হয়। বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এবং উপজেলা স্কাউটসের উদ্যোগে আয়োজিত এ কার্নিভালের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি গোলাম ফেরদৌস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা স্কাউটস সম্পাদক খলিলুর রহমান পলাশ।
সঞ্চালনায় ছিলেন স্কাউটস লিডার খোরশেদ আলম। এসময় আরও উপস্থিত ছিলেন ইউআরসি ইনস্ট্রাক্টর আতিকুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোবাশ্বের হোসেন, শিক্ষক আবুল কালাম আজাদ এবং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী। অনুষ্ঠানে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, কাব লিডার, স্কাউট কমিশনার ও গণ্যমান্য ব্যক্তিবর্গও অংশগ্রহণ করেন।
কার্নিভালজুড়ে ছিল শিশুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ, শিল্পকর্ম প্রদর্শনী, শারীরিক কসরতসহ নানা সৃজনশীল ও উৎসবমুখর আয়োজন। বক্তারা বলেন, “কাব কার্নিভাল হলো একটি আনন্দঘন শিক্ষামূলক উৎসব, যেখানে শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে অনুপ্রেরণা দেওয়া হয়। এটি কাব স্কাউটদের জন্য একটি বিশেষ আয়োজন যা তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখে।”
উপজেলার প্রায় ৩০টি প্রাথমিক বিদ্যালয় থেকে শতাধিক কাব স্কাউট সদস্য অংশগ্রহণ করে এ আয়োজনে প্রাণবন্ত পরিবেশ তৈরি করে।
মন্তব্য করুন