কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্র জনতার ওপর সংঘটিত হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আরও এক এজহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। রবিবার, ১ জুন রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ আলমগীর হোসেন (৪০), ভূরুঙ্গামারী উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি উপজেলার দেওয়ানের খামার গ্রামের বাসিন্দা এবং মৃত বাবর আলীর পুত্র।
মামলার নথি অনুযায়ী, গত ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় ভূরুঙ্গামারী থানায় একটি মামলা (মামলা নং-০৫, জি.আর নং-১৭/২৫) দায়ের করা হয়। এতে একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয় এবং পরবর্তীতে তদন্তে আরও কয়েকজনকে শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় আলমগীর হোসেনকে আটক করা হলো।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।” তিনি আরও জানান, গ্রেফতারকৃতকে সোমবার (২ জুন) আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন