সুমন আহমদ খান।।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সড়কপথে সিলেট সফরের আমন্ত্রণ জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
সিলেটের সড়ক যোগাযোগ ব্যবস্থার নাজুক অবস্থা ও কেন্দ্রীয় সরকারের বৈষম্যের প্রতিবাদে আহূত কর্মসূচি উপলক্ষে শুক্রবার বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
আরিফুল হক বলেন, আমি সরকার প্রধানকে বলবো আপনি মেহেরবানি করে পূণ্যভূমি সিলেটে মাজার জিয়ারতে অন্তত আসেন। সড়ক পথে আসেন। এটা কিন্তু এই প্রথম কোন রাষ্ট্রপ্রধান দায়িত্ব নেওয়ার পরে সিলেটে আসেন নাই। আমরা আশা করবো, প্রধান উপদেষ্টা তার উপদেষ্টামণ্ডলীর সঙ্গে এসে বাস্তব চিত্র দেখবেন।
তিনি বলেন, এখন আর চুপ করে থাকার সময় নয়। সিলেটের জনগণের প্রতি কেন্দ্রীয় সরকারের বৈষম্য আজ সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছি একবার সড়কপথে সিলেট ঘুরে দেখুন, বাস্তব চিত্র নিজেই বুঝতে পারবেন।
সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন, আগামী রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর কোর্ট পয়েন্টে এক ঘণ্টার প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করা হবে।
আরিফুল হক চৌধুরী অভিযোগ করে বলেন, “সিলেট-ঢাকা মহাসড়কের সংস্কার কাজ বছরের পর বছর চলছে, অথচ কোনো অগ্রগতি নেই। প্রতিদিন মানুষ ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকে। দুর্ঘটনা বেড়েছে, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিত্যপণ্যের দামও বেড়ে যাচ্ছে। অথচ সরকারের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।”
তিনি আরও বলেন, “রেলপথে সময়মতো ট্রেন আসে না, কোচগুলো পুরনো, বিমানের ভাড়াও অস্বাভাবিক। তিন পথেই সিলেটবাসী বৈষম্যের শিকার।”
আরিফুল হক চৌধুরী জানান, রবিবারের কর্মসূচি থেকে সরকারের প্রতি আল্টিমেটাম দেওয়া হবে। “নির্দিষ্ট সময়ের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো,” বলেন তিনি।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকার যদি বলে সিলেটের জন্য তাদের টাকা নাই, তাহলে আমরা প্রবাসী ভাই-বোনদের কাছে হাত পাতবো—যে যত পারেন সাহায্য দিন, আমরা নিজেরাই আমাদের রাস্তা ঠিক করব।