মোঃ মশিউর রহমান।।
দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় ব্যাচের উদ্বোধন করেছেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন।
শনিবার (১১ অক্টোবর ২০২৫) দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা পুলিশের সদস্যদের নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে ও দক্ষতার সঙ্গে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন বলেন,
“আসন্ন জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ সম্পাদনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনি দায়িত্ব পালনের সময় প্রত্যেক সদস্যকে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা ও নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রাখার প্রতি সর্বোচ্চ মনোযোগ দিতে হবে।”
তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে, যাতে সাধারণ জনগণের আস্থা ও বিশ্বাস অটুট থাকে।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ প্রশিক্ষক ও অংশগ্রহণকারীরা।
মন্তব্য করুন