মোঃ নূর আমিন রহমান
লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নে রোববার সকালে আকস্মিক এক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অল্প সময়ের ঝড়ে শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে যায়, ভেঙে পড়ে গাছপালা ও টিনের চাল। এতে এলাকার সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে আকস্মিকভাবে শুরু হওয়া ঝড়ে মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায় ভোটমারীর বিভিন্ন এলাকা। ঝড়ের সময় একটি বিল্ডিংয়ের ছাদ থেকে ইট ও টিন পড়ে দুই ব্যক্তি আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় বহু পরিবার তাদের ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। অনেকে আত্মীয়-স্বজনের বাড়িতে অস্থায়ীভাবে অবস্থান করছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্য ও আশ্রয়ের তীব্র সংকট দেখা দিয়েছে। তারা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।