গাজী মাহমুদ পারভেজ।।
অপরাধ দমনে গজারিয়া থানা পুলিশের সাহসী অভিযান আবারও প্রমাণ করলো—আইনের হাত থেকে কেউই রক্ষা পাবে না।
শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত থেকে (৯আগস্ট) শনিবার ভোর পর্যন্ত টানা অভিযানে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ষোলআনী গ্রাম থেকে বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় শাহ আজিজুর রহমান পলাশ (৪০) নামে এক সহযোগীকে আটক করা হয়, যিনি স্থানীয় শাহ আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্যুটার মান্নান হত্যা মামলার অন্যতম আসামি শহীদুল্লাহ প্রধানের ছেলে সন্ত্রাসী জুয়েল বাড়িতে অবস্থান করছে— এমন খবরের ভিত্তিতে শুক্রবার রাত দুইটার দিকে পুলিশ বিশেষ অভিযান পরিকল্পনা করে। শনিবার ভোর ৬টার দিকে ওসি মো. আনোয়ার আলম আজাদের নেতৃত্বে গজারিয়া থানা ও নৌ পুলিশ যৌথভাবে জুয়েলের বাড়ি ঘিরে ফেলে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েলসহ কয়েকজন দ্রুত পালিয়ে যায়। তবে ঘরের ভেতর থেকে কোমরে গুঁজে রাখা লোডেড বিদেশি পিস্তলসহ শাহ আজিজুর রহমান পলাশকে আটক করা হয়। পিস্তলে তখন ৫ রাউন্ড গুলি ছিল। পরবর্তীতে তল্লাশিতে জুয়েলের ঘর থেকে ১টি রামদা ও ৩টি ধারালো দা উদ্ধার করা হয়। অভিযান শেষ হয় সকাল ৮টায়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, “গোপন তথ্য ছিল, জুয়েল ও তার সহযোগীরা চাঁদার দাবিতে ষোলআনী বালুমহালে হামলার পরিকল্পনা করছিল। দ্রুত অভিযান চালিয়ে আমরা পলাশকে অস্ত্রসহ আটক করি। জুয়েল পলাতক, তবে তাকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় এলাকাবাসীরা জানায়,“পুলিশের এই দ্রুত ও ঝুঁকিপূর্ণ অভিযান শুধু অপরাধীদের জন্য নয়, পুরো সমাজের জন্য সতর্কবার্তা। সাম্প্রতিক সময়ে এলাকায় সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে গিয়েছিল। পুলিশের এ অভিযান এলাকায় শান্তি ফিরিয়ে এনেছে।
মন্তব্য করুন