গজারিয়ায় সদ্য স্থাপিত পুলিশের অস্থায়ী ক্যাম্প লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে কুখ্যাত নৌ ডাকাত নয়ন–পিয়াস গ্রুপ।
সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে মেঘনা নদীসংলগ্ন ক্যাম্পে এ গোলাগুলির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বিকাল ৫টার পরপরই ৫-৬টি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে নদীতে অবস্থান নেয় ডাকাতরা। হঠাৎ করেই তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। মুহূর্তের মধ্যেই পুলিশ ক্যাম্প লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি চালাতে থাকে। হঠাৎ ঘটে যাওয়া এ পরিস্থিতিতে পুলিশও পাল্টা গুলি চালিয়ে প্রতিরোধ গড়ে তোলে।
প্রায় আধঘণ্টাব্যাপী গোলাগুলির সময় নদীপাড়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডাকাতদের দিক থেকে অন্তত ১০০ রাউন্ড গুলি ছোঁড়া হয়, পুলিশের দিক থেকে ছোঁড়া হয় প্রায় ২০ রাউন্ড। শেষ পর্যন্ত পুলিশের শক্ত প্রতিরোধে ব্যর্থ হয়ে সন্ধ্যার দিকে মতলবের দিকে সরে যায় সন্ত্রাসীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন—“পিয়াসের নেতৃত্বে অন্তত ৩০-৩৫ জন ডাকাত ট্রলার নিয়ে এসে ক্যাম্পে গুলি চালায়। আমরা পজিশন নিয়ে পাল্টা গুলি চালাই। আমাদের কোনো সদস্য আহত হয়নি।”
এদিকে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান—“ডাকাতরা নদীপথে চাঁদাবাজির উদ্দেশ্যে নেমেছিল। কিন্তু পুলিশের উপস্থিতির কারণে তারা ব্যর্থ হয়। এ ঘটনার পর সন্ত্রাসীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
মেঘনা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করে আসছে একাধিক নৌ ডাকাত চক্র। চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলন ও দলীয় কোন্দলকে কেন্দ্র করে সম্প্রতি বাবলা, স্যুটার মান্নান ও হৃদয় বাঘ নামের কয়েকজন শীর্ষ সন্ত্রাসী খুন হয়।
স্থানীয়রা জানিয়েছেন, ২২ আগস্ট জামালপুর গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু হওয়ার পর থেকেই ডাকাত গ্রুপগুলো প্রকাশ্যে বিরোধিতা করে আসছিল। সোমবারের হামলা ছিল সেই অসন্তোষের প্রকাশ, যা পুলিশের উপস্থিতির বিরুদ্ধে তাদের সরাসরি চ্যালেঞ্জ বলেই মনে করছেন অনেকে।