কিশোরগঞ্জের ভৈরবে বাসচাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পান্নাউল্লাহচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের নির্মাণশ্রমিক জুয়েল মিয়া (৪৫) এবং ভৈরব পৌর শহরের মনমরা এলাকার অটোরিকশা চালক কাইয়ুম মিয়া (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাঁশগাড়ি এলাকা থেকে অটোরিকশাযোগে কাজে যাচ্ছিলেন জুয়েল মিয়াসহ আরও দুইজন। পথে অটোরিকশাটি পার্শ্ব সড়ক থেকে মূল সড়কে ওঠার সময় ময়মনসিংহগামী শ্যামল ছায়া পরিবহনের একটি বাস সেটিকে চাপা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। বাকি তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথেই অটোরিকশা চালক কাইয়ুম মিয়ার মৃত্যু হয়। আহত দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।
ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক রোকনুজ্জামান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করি। নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন