মোঃ শরিফুল ইসলাম।।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পূর্ব খুকশিয়া উচ্চ বিদ্যালয়ে এক আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা দেওয়া হয় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জুড়ান আলী মল্লিকে। দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে অবসরে যাওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বর্তমান-প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। সবার মুখে ছিল প্রিয় শিক্ষককে ঘিরে প্রশংসা, শ্রদ্ধা ও ভালোবাসার অজস্র স্মৃতি।
বিশেষ করে শিক্ষার্থীদের চোখে ছিল অশ্রু, কণ্ঠে ছিল আবেগ। অনেকেই তাঁদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেলেন। এক দশম শ্রেণির ছাত্রী বলেন, “স্যার শুধু আমাদের শিক্ষক ছিলেন না, ছিলেন অভিভাবকের মতো। আমরা ভুল করলে তিনি রাগ করতেন, কিন্তু কখনো ঘৃণা করেননি। এমন স্যারকে আর পাব না।”
একজন প্রাক্তন শিক্ষার্থী জানায়, “স্যার শুধু পড়াতেন না, জীবনের দিকনির্দেশনা দিতেন। তাঁর সাহচর্য আমাদের আত্মবিশ্বাসী করেছে। আজ তিনি বিদায় নিচ্ছেন, কিন্তু আমাদের হৃদয়ে তিনি চিরকাল শিক্ষক হয়ে থাকবেন।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “মোঃ জুড়ান আলী মল্লি স্যারের অবদান বিদ্যালয়ের জন্য অনস্বীকার্য। তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও মানবিক গুণাবলি সকলের জন্য অনুকরণীয়।”
অনুষ্ঠানের এক পর্যায়ে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। বক্তব্য রাখতে গিয়ে মোঃ জুড়ান আলী মল্লি নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “এই বিদ্যালয়, এই শিক্ষার্থীরা আমার জীবনের একটি বড় অংশ। আজ বিদায় নিলেও তাঁদের ভালোবাসা আমি সারাজীবন বয়ে নিয়ে যাব।”
মন্তব্য করুন