ঢাকা, ১ জুন ২০২৫ (রবিবার): দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইন-বহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ৩০ মে রাত সাড়ে ১০ টায় উত্তরা ১০ নম্বর সেক্টর সংলগ্ন কামারপাড়া এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় অবৈধভাবে হাট স্থাপন, জোরপূর্বক গরু ব্যবসায়ীদের নির্দিষ্ট হাটে বিক্রিতে বাধ্য করা এবং চাঁদাবাজির অভিযোগে একাধিক ব্যক্তিকে আটক করা হয়। এছাড়াও, গত ৩১ মে ২০২৫ তারিখে বিকেল ৪ টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ৪ (চার) জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
মন্তব্য করুন