মোঃ আবুসুফিয়ান তালুকদার
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রিয় নেতাকে একনজর দেখতে সিরাজগঞ্জের ৯টি উপজেলা থেকে প্রায় ২৫ থেকে ৩০ হাজার বিএনপি নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, নেতাকর্মীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ৬০টি বাস, অন্তত ১০০টি মাইক্রোবাস এবং একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
জেলা বিএনপি জানায়, আগামী ২৪ ডিসেম্বর (বুধবার) রাত ১১টায় সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া কবরস্থানের সামনে থেকে ৬০টি বাস একযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। এছাড়া সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে প্রায় ২ হাজার ৫০০ নেতাকর্মী ঢাকায় যাবেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জানান,
“১৪০টি বাসে প্রতিটিতে গড়ে ৭০ জন করে নেতাকর্মী যাবেন। পাশাপাশি বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে অন্তত ১০০টি মাইক্রোবাসে আরও ১ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। আলাদাভাবে আরও ৮ থেকে ৯ হাজার নেতাকর্মী নিজ উদ্যোগে ঢাকায় রওনা হবেন। সব মিলিয়ে সংখ্যা ২৫ থেকে ৩০ হাজার ছাড়িয়ে যেতে পারে।”
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন,
“দীর্ঘদিন প্রবাসে থাকা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করেছে। তাঁকে একনজর দেখার জন্য জেলার সর্বস্তরের নেতাকর্মীরা দলে দলে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।”
তিনি আরও বলেন,
“সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে—কেউ মাস্ক বা হেলমেট পরবেন না। বাসে ওঠার সময় কিংবা যাত্রাপথে পাশের ব্যক্তির পরিচয় নিশ্চিত করবেন দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা। শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেই কর্মসূচিতে অংশগ্রহণ করা হবে।”
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিরাজগঞ্জসহ সারাদেশের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন