মোঃ কারিবুল ইসলাম।।
পোড়াদহ-মিরপুর সড়কের পাশে অবস্থিত কালিতলা বাজারে শতবর্ষী একটি বটগাছের বিশাল ডাল হঠাৎ করেই ভেঙে পড়ে একটি দোকানঘরের উপর। এ ঘটনায় ঘরের আংশিক ক্ষতি হলেও ভাগ্যক্রমে কেউ হতাহত হননি। তবে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বটগাছটির বিভিন্ন অংশ অনেক আগেই শুকিয়ে পড়েছিল এবং দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। শুক্রবার দুপুরে হঠাৎ বিকট শব্দে ডালটি ভেঙে পড়ে ঘরের উপরে। ঘটনার সময় ঘরের ভেতরে কেউ না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গাছটির ঝুঁকিপূর্ণ ডালগুলো রাস্তার ওপর হেলে পড়ছিল, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষ করে স্কুলগামী শিশু ও বাজারের সাধারণ পথচারীদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, "এই গাছের ডাল অনেক বড়, একটা পড়েছে – আরও যেকোনো সময় ভেঙে পড়তে পারে। আমরা অনেকবার জানিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।"
এদিকে এলাকাবাসী দ্রুত গাছটি ও এর ঝুঁকিপূর্ণ ডাল অপসারণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
পথচারী ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।
মন্তব্য করুন